গর্ভধারণ না করেও দিনে ৫ লিটার দুধ দিচ্ছে একটি গাভী!

Logoআপডেট: রবিবার, ০২ আগস্ট, ২০১৫
শেরপুর প্রতিনিধি
গর্ভে বাছুর ধারণ না করেই ৭ বছর ধরে প্রতিদিন সকাল-বিকেল ৫ লিটার করে দুধ দিচ্ছে একটি গাভী!

এ গাভীর মালিক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের তাফাজ্জল হোসেন। আশ্চর্যজনক এ খবর চারদিক ছড়িয়ে পড়লে তার বাড়িতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। অনেকেই বেশ চড়া দামে গরুটি কিনতে তাফাজ্জলের কাছে প্রস্তাব দিচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গরিব কৃষক তাফাজ্জল হোসেন দশ বছর আগে তিন বছর বয়সী বিদেশি ফ্রিজিয়ান জাতের লাল রংয়ের একটি বাছুর ২০ হাজার টাকা দিয়ে কেনেন উপজেলার নন্নী এলাকা থেকে। এরপর পুর্নবয়স্ক হওয়ার পর প্রজননের সময় হলে বকনা গরুটিকে গর্ভবতী করতে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়।


সূত্র জানায়, কিন্তু গর্ভবতী হয়নি গাভীটি। এর কিছু দিন পর গাভীর ওলান আকারে বাড়তে থাকে। এ অবস্থা দেখে তাফাজ্জল উৎসুক হয়ে একদিন ওলান ধরে টান দেন। তিনি দেখেন, ওলান থেকে দুধ বের হচ্ছে। প্রথমদিকে দুই-তিন লিটার করে দুধ দিলেও গাভীটি কিছু দিন পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন পাঁচ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাফাজ্জল হোসেন বলেন, “প্রতিদিন গাভীটির খাবার হিসেবে খৈল, ভূষি ও মাঠের ঘাস খাওয়ানো বাবদ গড়ে একশো টাকা খরচ হয়। দুধ বেচে পাই ২৫০-৩০০ টাকা। প্রতিদিন খরচ বাদে আমার হাতে থাকে ১৫০-২০০ টাকা।

বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশেম বলেন, “ঘটনাটি আশ্চর্যজনক হলেও সত্যি। তাফাজ্জলের গাভীটি গর্ভধারণ না করেও সাত বছর ধরে প্রতিদিন পাঁচ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে।” নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আশরাফুজ্জামান বলেন, “এটি ব্যতিক্রমী একটি ঘটনা। হরমোনজনিত কারণে এ ধরনের ঘটনা ঘটে। এ ধরনের গরুকে কামধেনু বকনা বলে। এগুলো গর্ভধারন না করেও দুধ দিয়ে থাকে।”

এই প্রথম একসঙ্গে হাবিব-মিলা

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
সংগীত ভূবনের প্রিয় দুই মুখ হাবিব ওয়াহিদ ও মিলা। সম্প্রতি 'রাজনীতি' ছবির একটি গানে একসঙ্গে কন্ঠ দিয়েছেন তারা। এটি কোন ছবিতে হাবিব ও মিলার একসঙ্গে গাওয়া প্রথম গান।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীত করেছেন হাবিব নিজেই। চলতি সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 'রাজনীতি' ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, জায়েদ খান ও পিয়া বিপাশা। এদিকে সম্প্রতি মিলা তার অ্যালবাম ও মিউজিকাল ছবি 'আনসেন্সরড' প্রকাশ করেছেন। আর হাবিবের ভক্তদের জন্য আগামী ১৬ আগস্ট আসছে নতুন মিউজিক ভিডিও 'মন ঘুমায় রে'।

সেপ্টেম্বরেই ঢাকায় আসছেন সানি লিওন!

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
আগামী মাসেই ঢাকা সফর করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। একটি আয়োজক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

ইতিমধ্যে সানি লিওনের এজেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশি একটি প্রতিষ্ঠানকে অফিসিয়ালি অনুমোদনও দিয়ে দিয়েছে। আয়োজক সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় সানি লিওনকে নিয়ে একটি কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজক সূত্রে জানা যায়, সানি লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেটের এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য রাখা হয়েছে ১৫ হাজার টাকা। সানি লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।

১৫ আগস্ট ছোট পর্দায় গেরিলা

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চ্যানেল আইতে ১৫ আগস্ট বেলা ১টা ০৫ মিনিটে প্রচার হবে ফেয়ার এন্ড লাভলী সিনেদুপুরে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'গেরিলা'।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক’র ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বণে ‘গেরিলা’ পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার প্রমুখ।

এবার মেহেদীর বিজ্ঞাপনে অপু বিশ্বাস

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি প্রতিবেদক
গেল সপ্তাহে একটি ফ্রিজের বিজ্ঞাপনের শুটিং করেছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সপ্তাহ না ঘুরতেই তার আরেকটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হবার কথা শোনা যাচ্ছে।

এবার ‘রাঙ্গাপরী’ মেহেদীর একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। এ মাসেই বিজ্ঞাপনটির শুটিং হওয়ার কথা রয়েছে।

রাঙ্গাপরী মেহেদীর বিজ্ঞাপনে এর আগে দীঘি, নিপুণ, ববিকে অংশ নিতে দেখা গেছে। এটি অপু বিশ্বাসের চতুর্থ বিজ্ঞাপন। অপু বিশ্বাস বর্তমানে শুটিং করছেন ‘সম্রাট’, ‘রাজাবাবু’ ছবিগুলোর। সামনে কাজ করবেন ‘বাজিকর’ ছবির। সবগুলো ছবিরই নায়ক শাকিব খান।

আজ জনি লিভারের জন্মদিন

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ডেস্ক
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জন প্রকাশ রাও জানুমালা ওরফে জনি লিভারের জন্মদিন আজ।

১৯৫৬ সালের ১৪ অগস্ট ভারতে তাঁর জন্ম হয়। ১৯৮৪ সালে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেতা। এখন পর্যন্ত অভিনয় করেছেন তিনশোটিরও বেশি ছবিতে।

তাঁর কৌতুকাভিনেতা হওয়ার প্রধান অনুপ্রেরণা জনি ওয়াকার, মেহমুদ, কিশোর কুমার। মুম্বাইয়ের হিন্দুস্তান লিভার কারখানায় কাজ করার সময় তাঁর কৌতুকাভিনয়ে আপ্লুত হয়ে সহকর্মীরা নাম দেন 'জনি লিভার'। ১৯৮০ সালে তাঁর প্রথম প্রকাশিত অ্যালবাম 'হাসি কে হাঙ্গামে' সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। সুনীল দত্তের 'দর্দ কা রিস্তা' ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন। সাফল্য পান 'বাজিগর' ছবিতে অভিনয়ের মাধ্যেম।

ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Logoআপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
এবি ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের শেষ খেলায় দুই অর্ধে ২টি গোল করে বাংলাদেশ অর্জন করে গ্রুপের শীর্ষস্থান। প্রথমার্ধে ৩৪ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে ডান প্রান্ত থেকে থেকে মোস্তাজিব খানের ক্রস ভারতের ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি।

আর তাতে বক্সের মাঝামাঝি দাঁড়ানো মোহাম্মদ শাওন দুর্দান্ত এক শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলে ভারতের রাহিম আলী বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। বড় ভুল করে বসেন গোলরক্ষক ফয়সল আহমদ। পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় সহজেই গোল করেন রাহিম আলী। ডান পায়ের বাইরের অংশ দিয়ে আলতো টোকায় তিনি বল পাঠিয়ে দেন পোস্টে। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে দ্রুত ভারতের বক্সে ঢুকেন বাংলাদেশের সরওয়ার জামান নিপু। গোলে শট নেওয়ার মুহূর্তে তাকে অবৈধভাবে বাধা দিয়ে ফেলে দেন ভারতের আয়মল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ আতিকুজ্জামান। এ গোলেই জয়ের হাসি হাসে বাংলাদেশ। বাংলাদেশ কোচ সৈয়দ গোলাম জিলানী কৃতিত্ব দেন তার সেনানীদের।

তিনি বলেন, ‘আমার ছেলেরা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। সিলেটের দর্শকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ফুটবলকে উৎসাহ দিতে মাঠভর্তি দর্শক সারাক্ষণ আমাদের ছেলেদের সমর্থন দিয়ে গেছেন।’
অধিনায়ক শাওন হোসেন বলেন, ‘আগেই বলেছি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে ভারতকে হারাতে পারবো। তাই হয়েছে। জানা ছিল খেলা ফিফটি-ফিফটি হবে। সুযোগ যারা কাজে লাগতে পারবে তারাই জিতবে। আমরা সুযোগ কাজে লাগাতে পেরেছি।’ সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেপাল না আফগানদের চান এমন প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, ‘আমরা যেহেতু চ্যাম্পিয়ন হতে চাই তাই কোনও দলকে ভয় পেলে চলবে না। যেই আসুক আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।


বাংলাদেশ স্কোয়াড : ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।


ভারতের স্কোয়াড: মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মমদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, রিবহাভ জতীন সারদেশী, সুরাব মেহের, প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলকিপার)।


উল্লেখ্য,এর আগে গত ১১ আগস্ট শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা। আগামী ১৬ আগস্ট (রবিবার) সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল অথবা আফগানিস্তান।