ঢাকায় আসছেন 'ওয়াকা ওয়াকা' খ্যাত শাকিরা

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
গানে গানে বাংলাদেশী অগণিত দর্শকভক্তদের মাতাতে শীঘ্রই ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপস্টার শাকিরা। জানা গেছে, এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে কলম্বিয়ান এই পপতারকা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

২০১০ বিশ্বকাপ ফুটবলে 'ওয়াকা ওয়াকা' আর এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনীতে 'লা লা লা' গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন শাকিরা। ৩৭ বছর বয়সী এই সংগীতশিল্পী গান গাইতে ঢাকায় এলে তা হবে স্মরণীয় ঘটনা।

তার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স। শাকিরা ও স্করপিয়ন্সকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে দেশের ক্ষমতাধর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি এর আগে শাহরুখ খানকে ঢাকায় এনে ব্যাপক আলোচনায় আসে। 

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী এ বিষয়ে আমার বিনোদনকে বলেন, 'বাংলাদেশে শাকিরার মতো বিশ্ব বিখ্যাত তারকাকে নিয়ে কোন আয়োজন করা মানে ব্যাপক প্রস্তুতি দরকার। আমরা তাকে নিয়ে আসবো এটা নিশ্চিত। শাকিরাকে ঘিরে এ দেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজন করতে চাই আমরা। তবে কবে, কখন, কোথায় কনসার্টটি হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছিনা।'

স্বপন চৌধুরী বলেন, ‘সংগীত পরিবেশন করতে জার্মানির বিখ্যাত রকব্যান্ড স্করপিয়ন্স নভেম্বরে আসার কথা রয়েছে। এর প্রক্রিয়াও অনেকদূর এগিয়ে নিয়েছি। কিছুদিনের মধ্যেই আমরা সব চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।' উল্লেখ্য, কয়েক বছর আগে শাকিরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন।

মেয়েরা মা হতে পুরুষের প্রয়োজন নেই!

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
মা হতে কোনো মেয়েরই পুরুষের প্রয়োজন নেই বলে মনে করেন ২৯ বছর বয়সী পপতারকা কেটি পেরি। তার মতে, মা হতে গেলে আবার বাবা লাগে নাকি! তিনি মনে করেন- পৃথিবীতে মা হতে বাবার দরকার কী!

বৈবাহিক জীবন কাটানো ছাড়াই মা হতে চান তিনি। কেটি বলেছেন, ‘আমি যদি কোনো পুরুষের প্রয়োজন ছাড়াই মা হতে চাই তাহলে কি পৃথিবীটা উল্টে যাবে নাকি! এটা ২০১৪! আমরা তো ভবিষ্যতে বাস করছি।

এই সময়ে এসে আমাদের কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমার বেলায়ও ব্যাপারটা একই। কিন্তু আমাদের চারপাশটা দেখে যেতে হবে। আমি পুরুষ-বিরোধী নই, ছেলেদের ভালো লাগে আমার। কিন্তু কেউ যদি নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে না পারে তাহলে কীইবা করার আছে। আর আমি যখন মা হতে চাইব তখন তো প্রেমিক বা স্বামী আমার পাশে না-ও থাকতে পারে!’
যুতসই পুরুষের জন্য অপেক্ষায় না থেকে মা হওয়ার জন্য উপযুক্ত সময়ের দিকে তাকিয়ে থাকতে চান কেটি। 
তার ভাষ্য, ‘যথাসময়ে মা হতে চাই। তবে এখনই নয়, তবে মা হওয়ার সময় এলে সেদিকেই শতভাগ মনোযোগ দিবো। সন্তানকে নিয়ে সংগীত সফরে ঘুরে বেড়াতে ভালো লাগবে না আমার। কিছুদিন আগে ডিজে ডিপলোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কেটি। এর আগে ২০১০ সালে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ওই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। তথ্যসূত্র- নিউইয়র্ক পোস্ট।

মেয়ের বয়সী ছেলের সঙ্গে প্রেমে জড়ালেন হেমা মালিনী!

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
বড় মেয়ে এশা দেওলের বয়সী তরুণের প্রেমে পড়লেন কিংবদন্তীতুল্য অভিনেত্রী হেমা মালিনী। মেয়ের চেয়েও দুই বছরের ছোট অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী হেমা মালিনী।
প্রেম ও হাস্যরসের মিশেলে নির্মিতব্য এই ছবিতে এমনই পরিস্থিতিতে দেখা যাবে তাদের। এতে হেমার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন রাকুল প্রীত সিং। তাদের এই প্রেমের গল্প দেখা যাবে ‘সিমলা মির্চি’ নামের একটি ছবিতে।
এর মাধ্যমে বহু বছর পর পরিচালনায় ফিরছেন ‘শোলে’খ্যাত রমেশ সিপ্পি। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ‘সিমলা মির্চি’র পুরো চিত্রায়ন হবে সিমলায়। গল্পে মা-মেয়ে উভয়ে একই লোকের (রাজকুমার) প্রেমে পড়বেন। ‘শহীদ’, ‘কাই পো চে’, ‘সিটি লাইটস’ ছবিগুলোর সুবাদে ভিন্নধারার অভিনেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন রাজকুমার রাও। 
হেমা মালিনীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে জন্য সাত কিলো ওজন বাড়াতে হচ্ছে তাকে। বলিউডের ড্রিমগার্লের সঙ্গে প্রেমের অভিনয়ের সুযোগ পেয়ে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা বলেছেন, ‘আমি অভিভূত। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার ছোটবেলার স্বপ্ন সত্যি হওয়ার মতো। গল্পটাও অসাধারণ।’

বাংলাভিশনে ‘হ্যালো বাংলাদেশ’

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘হ্যালো বাংলাদেশ’। মাহফুজ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান। গল্পে দেখা যাবে, বাংলাদেশের মেয়ে জেনিফারের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। জন্মের কিছুদিন পরেই মা মারা যায়। তার যখন দেড় বছর বয়স তখন তার বাবা এক বিদেশী এনজিও কর্মীর কাছে তাকে বিক্রি করে দেয়।

বিদেশী তাকে নিয়ে চলে যায় অস্ট্রেলিয়ায়। বহু বছর পর জেনিফার জানতে পারে তার জন্ম বাংলাদেশে।
এরপর থেকে সে শেকড়ের সন্ধান করে। ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের ছেলে তারেকের সঙ্গে। জেনিফার-তারেকের বিয়ে উপলক্ষে কাউকে কিছু না জানিয়ে চলে আসে তারেকের গ্রামে। এমন অজপাড়াগায়ে বিদেশীর উপস্থিতি গ্রামে হৈচৈ ফেলে দেয়। ঘটতে থাকে নানা ঘটনা। এমন এক বিদেশী মেয়ের সঙ্গে তারেকের সম্পর্ক নিয়ে কাজল বিরক্ত। 
 তারেকের সঙ্গে তৈরি হয় তিক্ততা। তবুও সে তারেকের সাহায্যে এগিয়ে আসে। রিচি ছাড়াও এ টেলিফিল্মে আরও অভিনয় করেন মাহফুজ আহমেদ, রূপন্তি প্রমুখ। টেলিফিল্মেটি আজ বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

মা হচ্ছেন ক্যাটরিনা!

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি ডেস্ক
মা হতে চলেছেন বলিউডের সেক্স সিম্বল তারকা ক্যাটরিনা কাইফ।  সাধারণত শীর্ষ গ্ল্যামারাস নায়িকদের এমন ঘটনা খুব একটা দেখা যায় না। অর্থাৎ সেক্স নির্ভর গ্ল্যামারাস নায়িকারা কখনোই মায়ের চরিত্রে অভিনয় করতে চান না। কিন্তু বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা সানন্দে মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

আসলে চরিত্রটিই এমন যে তিনি তা ফেরাতে পারেননি। খবরে প্রকাশ, জাপানের একটি রহস্য উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ এর গল্প দিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সুজয় ঘোষ। গণমাধ্যমের খবরে জানা যায়, কলকাতার এ পরিচালকের নির্মিত চলচ্চিত্রে নারী চরিত্রকে প্রাধান্য দেয়া হয়। চলচ্চিত্রের মূল চরিত্রের জন্য তিনি মনের মতো কাউকে খুঁজছিলেন। এমন কাউকে যার অভিনয়ের দক্ষতার পাশাপাশি রয়েছে গ্লামার! শেষমেষ সিঙ্গেল মাদার অর্থাৎ বাবা ছাড়া সন্তান লালন পালন করেন যে মা। 
চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন বলিউডের চকলেট গার্ল ক্যাটরিনা কাইফকে। এরি মধ্যে চিত্রনাট্য ক্যাটের হাতে পৌঁছে গেছে। সদা হাস্যোজ্জ্বল এ মায়াবতীরও গল্পটি মনে ধরেছে বেশ। শুধু কাগজে কলমে সব চূড়ান্ত হলেই লাইট-ক্যামেরা-একশন। 
এখন পর্যন্ত সিনেমাটির নাম ঠিক না হলেও আগামী বছরই বালাজি ফিল্মের ব্যানারে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। আর ভালোয় ভালোয় এ পরীক্ষায় উতরে গেলে ক্যাটের গায়ে লেগে থাকা আনাড়ি অভিনেত্রীর তকমাটিও ধুয়ে মুছে যাবে হয়তো। জাপানে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়া উপন্যাসের গল্পটি অনেকটা এরকম। 
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে নেমেছেন এক মা। কিন্তু সাবেক স্বামী তাদেরকে হত্যার হুমকি দিয়ে প্রতিনিয়ত টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। একপর্যায়ে তাকে খুন করে মুক্তি পেতে চাইলেন ওই মা। সমস্যা বাধে অন্য জায়গায়; পাশের বাড়ির ভদ্রলোক সবকিছু জেনে যান। তিনি অবশ্য মা মেয়ের দিকে সাহায্যের হাত বাড়ান। এরপর পাকেচক্রে গোয়েন্দারা মৃতদেহের সন্ধান পেয়ে যায়। সন্দেহের আঙুল ওঠে মায়ের দিকে। রহস্য উদ্ধারে লেগে পড়েন অভিজ্ঞ এক গোয়েন্দা। পরে এ ঘটনায় তা মা ফেঁসে যান।

লন্ডনে ২ দিনব্যাপী শাহ আবদুল করিম উৎসব

Logoআপডেট: শনিবার, ০২ আগস্ট, ২০১৪
এবি প্রতিবেদক
নবীন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের সঙ্গীত, লোক ঐহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে 'সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার’ ৩ ও ৪ আগস্ট লন্ডনের অক্সফোর্ডশ্যায়ারে হেইথ্রোপ পার্ক রিসোর্ট মিলনায়তনে আয়োজন করেছে ২ দিনব্যাপী বাউল সম্রাট শাহ আবদুল করিম উৎসব।

জানা গেছে, এ উৎসবে শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো ইউরোপের নবীন শিল্পীরা গেয়ে শোনাবেন। পরে সেখান থেকে সেরা তিন শিল্পীকে বেছে নেয়া হবে। উৎসবের বিশেষ প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী পাবেন ১০ হাজার পাউন্ড। আল হারমাইন ও ক্লিফটন গ্রুপের সৌজন্যে এ পুরস্কার প্রদান করা হবে। নগদ অর্থের পাশাপাশি বিজয়ী শিল্পী আরো পাবেন স্মলগ্রুপ পিকচার্সের সৌজন্যে ভিডিও সিডি।
অন্যদিকে দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন দ্য সিনামোন ট্রির সৌজন্যে ৩ হাজার পাউন্ড। আর ওরো মোবাইলের সৌজন্যে তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ১ হাজার পাউন্ড। বিজয়ী শিল্পীদের নিয়ে আয়োজকদের বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান আয়োজনসহ ট্যুর আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে দেশের বাইরে আবদুল করিম তা তাঁর শিল্পযজ্ঞ নিয়ে এতো বড় পরিসরে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। 'সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশ কালচার'র আয়োজিত উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস।

এ প্রতিযোগিতায় প্রবাসী শিল্পীদের পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। ইতোমধ্যে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, 'বিদেশের মাটিতে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান নিয়ে প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি সত্যিই আমাদের জন্য আনন্দের। এর বিচারক হিসেবে আমন্ত্রণ পাওয়ায় আমি গর্বিত। ইতোমধ্যে ইউরোপের অনেক বাঙালি এ প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। আশা করি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।'

উল্লেখ্য, প্রায় দেড় হাজার জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিম। সঙ্গীত অঙ্গনে বিশেষ অবদান রাখায় তিনি একুশে পদকও লাভ করেছেন। তার গানে মা-মাটি ও মানুষের কথা সুস্পষ্টভাবে উঠে এসেছে।


'মেরি কম'র জন্য মাথা ন্যাড়া হতে হলো প্রিয়াঙ্কাকে

Logoআপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০১৪
এবি ডেস্ক
অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার মেরি কমের জীবনী নিয়ে বানানো 'মেরি কম' ছবির জন্য মাথা ন্যাড়া হতে হলো সাবেক বিশ্ব সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। সবার জন্য এমন একটি চমক অপেক্ষা করছে তা কে জানতো! 
এ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তাকে টেকো মাথায় দেখা যাবে। ২৩ জুলাই মুক্তি পাওয়া ছবিটির ট্রেলারে যুক্ত হয়েছে সেই দৃশ্য। ছবির প্রয়োজনে ন্যাড়া হতে আপত্তি তো দূরের কথা, বরং এজন্য প্রিয়াঙ্কা বেশ উচ্ছ্বসিত বলে জানালেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি বলেন, 'মেরি কম নিজের জীবনে প্রয়োজনে ন্যাড়া হয়েছেন। দৃশ্যটি তার জীবন থেকে নেওয়া। এজন্য আমি খুবই উচ্ছ্বসিত। সবার আগে আমি একজন অভিনয়শিল্পী। যে চরিত্রই নির্বাচন করি না কেন, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখা আমার দায়িত্ব। এটা আমার কাছে নিজের চ্যালেঞ্জ। 
তার মতে, এটাই তার জীবনের সবচেয়ে কঠিন চরিত্র। সঞ্জয়লীলা বানশালি প্রযোজিত ও উমঙ্গ কুমার পরিচালিত 'মেরি কম' মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। বাস্তব জীবনে কি কোনোদিন ন্যাড়া হবেন? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, 'আমি সবসময় নতুন নতুন রূপে হাজির হই। কাজেই কে বলতে পারে একদিন হয়তো সত্যিই ন্যাড়া হয়ে যাবো।'
বক্সিংয়ের স্বপ্ন দেখা মেরি কমের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এতে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, 'কারণ ছাড়াই আমি সবসময় অবাধ্য হয়ে যেতে পারি। এই গল্পের সঙ্গে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। কারণ মেরি কমের মতো আমিও মধ্যবিত্ত সমাজ থেকে উঠে এসেছি। সর্বোপরি গল্পটা নিয়ম ভাঙার। বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার। সব সফল ব্যক্তিই জীবনের নানা বাধা পেরোতে পেরেছেন।' উল্লেখ্য, ট্রেলার দেখে ধারণা করা হচ্ছে, ছবিটিতে কাজ করতে গিয়ে অনেক ঘাম ঝরাতে হয়েছে প্রিয়াঙ্কাকে। এমনটি অবশ্য তিনিও স্বীকার করেছেন ।